দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, অন্ধকারে ফিরে যেতে চায় না ---------------নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এদেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না, কেউই জঙ্গিবাদের শাসন চায় না। সরকার গঠনে জনগণের রায় ছাড়া কোনো বিকল্প নেই।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল শনিবার দিনভর তার নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখী ইউনিয়নে তিনটি পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমাবেশ তিনটিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মোহাম্মদ নাসিম দুপুরে সোনামুখী ইউনিয়নের পরানপুর বাজার, বিকালে স্থলবাড়ি এবং সন্ধ্যায় ভানুডাঙ্গায় সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশে আরো বলেন, দল ও জোটগুলোর প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ায় এখন গ্রামে-গঞ্জে নির্বাচনী উত্সব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর  বিজয়ের মাসের বিজয়ী হয়ে আবারো সরকার গঠন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

বিএনপি জামায়াত জোটকে উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্রান্ত করা হলে এদেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে। তিনি আরো বলেন, ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা-ভাসাতে চাচ্ছেন। জনবিচ্ছিন্ন এসব নেতাদেরও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।

সোনামুখী ইউনিয়ন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উজ্জল কুমার ভৌমিক, নুরুল ইসলাম মাস্টার প্রমুখ।