চুয়াডাঙ্গায় ১৬ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান

চুয়াডাঙ্গায় ৫টি আঞ্চলিক মহাসড়কে অবৈধ নসিমন, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত পাখিভ্যান চলাচল বন্ধ ও চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে সরাসরি বাস চলাচল নিশ্চিত করার দুই দফা দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সারাদেশের সঙ্গে বাস-ট্রাকসহ সবপ্রকার যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১০ সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে আলমসাধু, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ। অথচ চুয়াডাঙ্গার ৫টি আঞ্চলিক মহাসড়কের সবগুলোতে এসব অবৈধ যান অবাধে চলাচল করছে। সড়কগুলো হচ্ছে, চুয়াডাঙ্গার কুলপালা-বদরগঞ্জ বাজার, আলমডাঙ্গার ডম্বলপুর-চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা-জগন্নাথপুর ভায়া দর্শনা, চুয়াডাঙ্গা-জীবননগরের হাসাদহ এবং চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ভায়া আসমানখালী সড়ক। এদিকে, গত ২৫ জুলাই থেকে মেহেরপুর বাস মালিক সমিতির একগুয়েমিতার কারণে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দরবেশপুর পর্যন্ত বাস চলাচল করছে। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই দফা দাবি বাস্তবায়নে অবিলম্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মালিক সমিতি-শ্রমিক ইউনিয়নের নেতারা। অন্যথায় আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সঙ্গে সারাদেশের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।