সিলেট কারাগারে ফাঁসির আসামিসহ তিন বন্দির মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি ও এক কয়েদির মৃত্যু হয়েছে। হূদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। চিকিত্সকদের বরাত দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম জানান, এই তিন জনই হূদরোগী ছিলেন।

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার ৪৮ নম্বর বাসার বাসিন্দা হাজী মোহাম্মদ মনোয়ারুল   হক চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার দুপুরের দিকে তিনি মারা যান। বুকের ব্যথা অনুভব করায় একই হাসপাতালে ভর্তি করা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আফিজ আলী ইউনুছকে (৪৯)। তিনিও চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যান। তিনি জগন্নাথপুরের একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

এছাড়া দক্ষিণ সুরমার নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন ৬৩ বছরের মছব্বির আলী। বুকে ব্যথা অনুভব করায় বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার গভীর রাতে তিনি মারা যান। মছব্বির আলী দক্ষিণ সুরমা উপজেলার শস্যউরা গ্রামের বাসিন্দা।