আট বছরের শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত হানিফ ওরফে নয়ন (৪৫) নগরীর চরেরবাড়ি এলাকার মৃত আফাত উদ্দিন ফকিরের ছেলে। র্যাব জানায়, গ্রেফতার নয়ন আট বছরের এক শিশুকে প্রায় তিন মাস যাবত্ যৌন হয়রানি করে আসছে। শিশুটির পরিবারের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যেত এবং ধর্ষণ করার চেষ্টা চালাতো।
মামলার আসামি এবং বাদী মেডিক্যাল কলেজের ৪র্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারে পাশাপাশি থাকতেন। গত বুধবার কোয়ার্টারের সামনের মাঠে শিশুটি খেলা করার সময় নয়ন তাকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুটির চিত্কারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর র্যাব-৮ এর সদস্যরা শুক্রবার নয়নকে গ্রেফতার করে।