বেইজিংয়ে ওয়ার্কার্স পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টির দ্বিপক্ষীয় বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দপ্তরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে গতকাল শনিবার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে চীনের ভাইস মিনিস্টার ও চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গুয়ো ইয়াজুওর মন্তব্যের প্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রোহিঙ্গা সমস্যার জন্য বাংলাদেশ কখনোই দায়ী নয়। মিয়ানমার বরং এই সমস্যা বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, তাদের আবাসনে অগ্নি সংযোগ, নারীদের ধর্ষণ ও শিশু হত্যা তাদের নিজ বাসভূমি ছেড়ে আসতে বাধ্য করেছে।

ওয়াকার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসময় মেনন আরো বলেন—বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে; কিন্তু এখন দুই বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির পরেও মিয়ানমার তাদের ফিরিয়ে নিচ্ছে না। বাংলাদেশ কখনো রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিককরণ করেনি, বরং দ্বিপক্ষীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছে। এটা বরং আন্তর্জাতিক গোষ্ঠীর দায়িত্ব রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজভূমে নিরাপদ পরিবেশে ফিরিয়ে নেওয়া। মিয়ানমার ও বাংলাদেশের বন্ধু হিসেবে চীন এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। তবে বাংলাদেশের জনগণ এ ব্যাপারে কিছুটা হতাশ। তবে এখনো আশা করে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীন মিয়ানমারকে আরো উত্সাহিত করবে।

ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলে মেননের সঙ্গে ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আলী আহমেদ এনামুল হক এমরান। অপরদিকে চীনা ভাইস মিনিস্টারের সঙ্গে ছিলেন মা জুয়োসং হু জিয়াদং এবং তান ওয়েই।