আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (এ্যামচেম) নিজস্ব অফিস শনিবার উদ্বোধন করা হয়েছে। ঢাকার প্রগতি সরণির পার্ল ট্রেড সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশটির অগ্রগতি আশাব্যঞ্জক। এখানকার গার্মেন্টস শিল্প, শিপব্রেকিং শিল্প ক্রমেই এগিয়ে যাচ্ছে। একদিন মেড ইন বাংলাদেশ বিশ্বজোড়া সাফল্য লাভ করবে। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের কথা তুলে ধরেন। এ্যামচেম সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, এ্যামচেম ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, এ্যামচেমের সাবেক সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশে আমেরিকান চেম্বারের সূচনা পর্ব তুলে ধরেন। নিজস্ব অফিস স্থাপন করতে পেরে সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।