আইসল্যান্ডে যাওয়ার পথে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ফ্লাইটকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অনুরোধ জানিয়েছিল দিল্লি, কিন্তু ওই অনুরোধ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি শনিবার এ কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে ডন। কাশ্মীর উপত্যকার লোকজনের ওপর ভারতের ‘ধারাবাহিক নিপীড়নের’ কারণে কোবিন্দকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার এ সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনুমোদন করেছেন বলে কোরেশি পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভিকে জানিয়েছেন।
সোমবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় এক সফরে প্রেসিডেন্ট কোবিন্দের আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া যাওয়ার কথা রয়েছে। সফরে তিনি দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে অবহিত করবেন বলে ধারণা করা হচ্ছে। -এনডিটিভি