চট্টগ্রাম মহানগর ও জেলার ১৬ আসনে এবার বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ৮ জন প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ব্যানারে ১৬ আসনের মধ্যে মাত্র একটি আসনে নতুন প্রার্থী রয়েছেন। ফলে ঐক্যফ্রন্ট ব্যানারের ৮ প্রার্থী মহাজোটের অপেক্ষাকৃত পুরনো ও অভিজ্ঞ প্রার্থীদের বিপরীতে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির নতুন প্রার্থী নুরুল আমিন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইঞ্জিনিয়ার মোশাররফ বর্তমান সংসদ সদস্য। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নতুন প্রার্থী কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার লড়বেন মহাজোটের ব্যানারে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল মাইজভাণ্ডারীর সাথে। একাধিকবার উক্ত আসন থেকে নির্বাচিত নজিবুল বশর মাইজভাণ্ডারী বর্তমানেও সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী নবাগত ইসহাক চৌধুরী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইব্রাহিম মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির নবাগত প্রার্থী ছাত্রদলের চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি জসীম উদ্দিন শিকদার আওয়ামী লীগের বর্তমান সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ২০ দলীয় জোটের এলডিপির নবাগত প্রার্থী নুরুল আলম আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির নবাগত প্রার্থী এনামুল হক এনাম আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম মহানগরীর এই গুরুত্বপূর্ণ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দুজনই নতুন প্রার্থী। এ আসনের বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।
চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ব্যানারের ৮ নবাগত প্রার্থীর মধ্যে ৭ জন বিএনপির এবং একজন শরিক দলের প্রার্থী। বিএনপির ৭ নতুন প্রার্থী দেওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে-উক্ত আসনগুলোর কয়েকটিতে ঋণ খেলাপীর কারণে মূল প্রার্থী মনোনয়ন পাননি। আবার পুরনো প্রার্থীদের দলীয় মনোনয়ন না দেওয়ায় এবং অভিজ্ঞ প্রার্থী না থাকায় নতুনরা মনোনয়ন পেয়েছেন বলে নেতাকর্মীদের অভিমত।