বিশ্বের সিনেমার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। প্রতিবছর পুরোবিশ্ব থেকে বিদেশি ভাষা বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমা আহ্বান করা হয়। এবারো ছবি মনোনয়নের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে ৯২তম অস্কার বাংলাদেশ কমিটি।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারো অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এমনটাই জানান ৯২তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। বিদেশি ভাষার চলচ্চিত্র এর মধ্যে একটি বিভাগ।