তাজিকিস্তানে ম্যাচের আগে কড়াকড়ি নিয়ম জেমির

স্পোর্টস রিপোর্টার

দশ দিনের জন্য তাজিকিস্তান অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাজিকিস্তানে। এবার আসল লড়াইয়ের প্রস্তুতি। আজ প্রস্তুতির শেষ সেশন।  আগামীকাল বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচটাকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল চূড়ান্ত অনুশীলন শেষ করছে আজ।

আফগানিস্তান কেমন দল সেটা জানা হয়ে গেছে বাংলাদেশের। এরই মধ্যে আফগানিস্তান প্রথম ম্যাচ খেলেছে। কাতারের কাছে ৬-০ গোলে হেরেছে আফগানিস্তান। বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে আফগানিস্তান এবং কাতারের ম্যাচটি দেখেছেন। দুটোই তার প্রতিপক্ষ। তবে আফগানদের ওপর কড়া নজর ছিল জেমির। কাতারের বিপক্ষে না পারলেও যে বাংলাদেশের বিপক্ষেও মাথা নোয়াবে আফগানরা এটা ভাবাও ভুল। কারণ আফগানিস্তান জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলছেন নিয়মিত। ওরা বাংলাদেশের ফুটবলারদের চেয়ে অনেক বেশি ধারালো। জেমি চাইছেন তাদের ধারালো চাকুর কাছে যেন বাংলার ফুটবলাররা ফানা ফানা না হয়ে যায়। নিজেদের ঘর আগলে রেখে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন জেমি। তাই হয়তো কোচ নির্দিষ্ট কোনো পজিশন না ভেবে ১১ জনকে নিয়ে ১১টি পজিশন নিয়ে ভাবছেন। একাদশ তৈরি করবেন আজ রাতেই।

তাজিকিস্তানের পৃথক ক্লাব ফুটবল দলের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ নিয়ে খুশি জেমি। প্রথমটিতে হার এবং দ্বিতীয়টিতে ড্র। গোল করে এগিয়ে থেকেও ড্র হয়েছে ম্যাচটি। এই দুই ম্যাচ নিয়ে খুশি কোচ। দুই ম্যাচ যা কিছু দেখা হয়ে গেছে। কোচের মূল টার্গেট ছিল আফগানদের বিপক্ষে সেরা একাদশ গঠন করা। এটাও ঠিক যে, সেরা একাদশ মানে এই নয় যে আফগানদের হারানোর জন্যই সেরা একাদশ গঠন। জেমি এটা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলতে রাজি না। কারণ তিনি নিজেই নিশ্চিত ছিলেন না কারা ঢুকবে সেরা একাদশে। তবে একাদশ যেমনই হোক দল মাঠে নামবে আফগানদের ঠেকাও। কোচ জেমি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দলের একাধিক ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলছে সেই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের মাপকাঠিও থাকবে ভিন্ন মাত্রায়। হাত-পা গুটিয়ে বসে নেই বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দুই ম্যাচের পর তার যে অভিজ্ঞতা তাতে সেটা নিয়ে দলের অন্যান্য খেলোয়াড় রবিউল, রহমত মিয়া, মামুনুল ইসলাম, মতিন মিয়া, জীবন, সুফিল, জনি, সুশান্তদের সঙ্গে টিম মিটিং হচ্ছে নিয়মিত। জামাল ভুঁইয়া তার খেলোয়াড়দের সিরিয়াস হতে নিজ উদ্যোগে চেষ্টা করে যাচ্ছেন। আর কোচ জেমি দলের মধ্যে শৃঙ্খলা রাখতে অনেক কড়াকড়ি নিয়মও আরোপ করেছেন। হোটেলের বাইরে যখন তখন যাওয়া-আসা, রাত জেগে ফেসবুক চালানো, টিভি দেখা, অহেতুক গল্প আড্ডায় মেতে সময় কাটানো যাবে না।

আফগানদের বিপক্ষে ফিরতি ম্যাচ হবে ঢাকায়। হোম অ্যান্ড অ্যাওয়ের ম্যাচে পাঁচ দলের গ্রুপ লড়াইয়ে প্রত্যেক দল ৮টি করে ম্যাচ খেলবে। ই গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, কাতার, ভারত এবং ওমান।