পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের অনায়াস জয়

ইউরো ২০২০

 স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড অনায়াস জয়ে ইউরো ২০২০-এর চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা বাড়িয়েছে।

পর্তুগাল শিরোপাধারী হলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে এ পর্যন্ত তিন খেলায় অংশ নিয়ে কেবল পাঁচ পয়েন্ট পেয়েছে। বেলগ্রেডে অনুষ্ঠিত খেলাটিতে পর্তুগাল সার্বিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয়ী হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো এক গোল দেন। অপর গোলগুলো আসে উইলিয়াম কার্ভালহো, গনচালো গুয়েদেস ও বার্নার্দো সিলভা।

 রোনালদোর দলের এটা হলো বাছাই পর্বে প্রথম জয়। শীর্ষে থাকা ইউক্রেনের চেয়ে পর্তুগাল এখনো আট পয়েন্ট পেছনে। পর্তুগিজরা অবশ্য আজ মঙ্গলবার রাতে জয়হীন লিথুনিয়ার বিরুদ্ধে খেলতে নেমে জিতে গেলে অবস্থান সংহত করতে পারবে। লিথুনিয়ার মাঠে ইউক্রেন এই রাতে ৩-০ গোলে জয়ী হয়। ইউক্রেনের এটি ছিল পঞ্চম খেলা।

ফ্রান্স গত শনিবার রাতে অনুষ্ঠিত খেলায় ‘এইচ’ গ্রুপে আলবেনিয়াকে ৪-১ গোলে হারায়। স্ট্যাড ডি ফ্রান্সে অনুষ্ঠিত খেলাটিতে কিংসলি কোমান তিন বছর পর আবার জাতীয় দলের হয়ে গোল করলেন। তিনি একাই দুই গোল দেন। দলের জয়ে গোল দিয়ে অবদান রাখেন অলিভিয়ের জিরু ও বদলি খেলোয়াড় জনাথন ইকোনে।

আইসল্যান্ড এ গ্রুপে কিছু সময়ের জন্য শীর্ষে উঠেছিল মোলদোভাকে ৩-০ গোলে হারিয়ে। কিন্তু দিদিয়ের দেশ্যামের ফরাসি বাহিনী জয়টির সুবাদে তাদের মতোই ১২ পয়েন্ট পায়। তুরস্ক শেষ মুহূর্তের গোলে অ্যান্ডোরার বিরুদ্ধে ১-০ তে জিতে সমান পয়েন্টে এসে দাঁড়ালেও ফ্রান্স গোল ব্যবধানে সবার ওপরে ঠাঁই নেয়।

কোচ দেশ্যাম মনে করেন তার দল আরো বেশি ব্যবধানে জিততে পারত। তিনি বলেন, ‘স্কোরশিট খুবই ইতিবাচক। আমরা আরো বেশি ব্যবধানে জিততে পারতাম। আমাদের যা করতে হতো তাই করি, এমনকি শেষদিকে আমরা কিছুটা গা ছেড়ে দেওয়ার পরও।’

ইংল্যান্ডও এ রাউন্ডে নিজেদের মাঠ ওয়েম্বলিতে সহজে বুলগেরিয়াকে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড বজায় রাখে। ৪-০ গোলের জয়টিতে ছিল হ্যারি কেইনের হ্যাটট্রিক। কেইন এখন জাতীয় দলের হয়ে ৪০ খেলায় ২৫ গোল করলেন। রাহিম স্টার্লিংয়ের অপর গোলটিতেও ছিল ইংল্যান্ড অধিনায়ক কেইনের ছোঁয়া।