সিঙ্গাপুরে নারী হকির প্রথম ম্যাচ আজ

 স্পোর্টস রিপোর্টার

সিঙ্গাপুরে নারী জুনিয়র (অনূর্ধ্ব-২১) এএইচএফ কাপ হকিতে আজ বাংলাদেশের খেলা। অ্যাঙ্করভ্যালের  সেংক্যাং হকি স্টেডিয়ামের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা সন্ধ্যা ৬টায়। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের এই নারীরা প্রথম লড়াই করছে। বাংলাদেশের নারীদের  অভিজ্ঞতা নেই। মাত্রই তারা হকি স্টিক নিয়ে মাঠে নামছে। ঘরের মাঠে হকি খেলোয়াড়দের যত্সামান্য অনুশীলনও আন্তর্জাতিক লড়াইয়ে খুব একটা প্রভাব ফেলবে না জানা আছে তাদের। অভিজ্ঞতা অর্জনে বছরের পর বছর খেলে দক্ষ হতে হয়। কিন্তু বাংলাদেশের নারীদের সেই সুযোগ হয়নি কখনো। পুরুষদের ধাক্কাধাক্কিতে দেশের হকিতে নারীদের মাঠে টেনে আনার সুযোগও নেওয়া হয়নি আধুনিক যুগে। অনেক দেরিতে হলেও নারী হকির যুগটা আবার শুরু হয়েছে বাংলাদেশে। অনূর্ধ্ব-২১ নারী হকি দল ঢাকায় অনুশীলন করার পাশাপাশি ভারতীয় নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। ঐ টুকুই অভিজ্ঞতা। অভিজ্ঞতার ভাণ্ডারসমৃদ্ধ না হলেও আত্মবিশ্বাস আছে মেয়েদের। দলের অধিনায়ক রিতু খানম জানিয়েছেন, ‘প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিরোধ গড়বেন তারা। শ্রীলঙ্কা, হংকং, উজবেকিস্তান, চায়নিজ তাইপে কোনো দলকে ছাড় না দেওয়ার মানষিকতা নিয়েই তৈরি হচ্ছি আমরা।’

যতটুকু অনুশীলন হয়েছে এর চেয়ে বেশি করাও সম্ভব না। এই মেয়েরা দিনরাত অনুশীলন করেছেন। স্টিক হাতে অভিজ্ঞতা অর্জন করতে পরিশ্রম করেছেন। ঈদের ছুটির সময় তারা বাড়ি গেছেন। এছাড়া পুরোটা সময় ক্যাম্পেই কেটেছে খেলোয়াড়দের। মেয়েরা আজ প্রথম খেলায় কেমন করে তা দেখার জন্য একাধিক হকি কর্মকর্তা সিঙ্গাপুর যাচ্ছে। নারী হকি দলের সঙ্গে এক জন নারী আম্পায়ার আয়শা পারভীন মহুয়াও  রয়েছেন। যিনি বাংলাদেশে প্রথম কোনো নারী আন্তর্জাতিক আম্পায়ার হয়েছেন।