একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে নির্বাচনী মাঠে লড়বেন বিএনপির একক মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। অনেক জল্পনা-কল্পনার পর গতকাল শনিবার বিএনপি কাজী মনিরুজ্জামানকে একক প্রার্থী ঘোষণা করায় ভোটারদের মধ্যে এমন আলোচনা চলছে। ৩৪ মামলার জামিনপ্রাপ্ত আসামি কাজী মনিরুজ্জামানকে দল মনোনীত করায় রূপগঞ্জ বিএনপির শিবিরে এখন আনন্দঘন পরিবেশ, চলছে মিষ্টি বিতরণ। বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মত্স্যজীবী দলের নেতাকর্মীরা দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
অপরদিকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত করার পর থেকে উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ধিত সভা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভোটারদের মতে গাজী ও কাজীর মধ্যেই ভোটের মাঠে তুমুল লড়াই হবে। বিএনপির নেতাকর্মীদের হামলা, মামলার ভয় দিন দিন কেটে যাচ্ছে। তাদের অনেকেই নিজ নিজ এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
দুই প্রার্থীর বাড়িই তারাবো পৌরসভায়। নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৯০১ জন। তারাবো পৌরসভার ভোটার সংখ্যা কম নয়। সে হিসেবে তারাবো শিল্পাঞ্চলের ভোটে ভাগ বসাবেন দুজনেই। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। অপরদিকে গোলাম দস্তগীর গাজী ৭১- এর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। সেই হিসেবে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনকারীদের ভোটেও ভাগ বসাবেন তারা। তবে তিন হাজার দুইশ কোটি টাকার রূপগঞ্জের উন্নয়নকে সামনে রেখে আসন্ন নির্বাচনে গোলাম দস্তগীর গাজী এগিয়ে চলেছেন।
নিষ্ক্রিয় হয়ে পড়া দলীয় নেতাকর্মীদের দলে টানতে শুরু করেছে দুই পক্ষই। নেতাকর্মীরাও পাওয়া না পাওয়ার বেদনা ভুলে গিয়ে নিজ নিজ দলের পক্ষে দিন দিন সক্রিয় হয়ে উঠছেন। প্রার্থীদের ঘিরেই আলোচনা চলছে চায়ের দোকানে, হাট-বাজারে, রাস্তাঘাটসহ সর্বত্র। হিসাব-নিকাশ চলছে তাদেরকে নিয়েই। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফজ্জেল হোসেন মোল্লা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিন হাজার দুইশ কোটি টাকার উন্নয়নকে পুঁজি করে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এগিয়ে চলেছেন। দলীয় কোন্দল দিন দিন মিটে যাচ্ছে। দক্ষ সংগঠক হিসেবে নেতাকর্মীদের সুসংঘটিত করে তুলছেন তিনি।
তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকেই জয়ী করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোঃ বাছির উদ্দিন বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মোকদ্দমায় সকল দায়িত্ব নিয়ে কর্মীদের ছায়া দিয়ে আগলে রেখেছেন কাজী মনিরুজ্জামান। দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীষকে এবার জয়ী করতে হবে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের পদধারী নেতাকর্মীদের শতভাগ সুসংঘটিত হয়ে আসটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। শান্ত, নিরীহ, ৭১-এর সৈনিক ও দলীয় নেতাকর্মীদের পছন্দের প্রার্থী কাজী মনিরুজ্জামান গত ১০ বছর ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে কাজী মনিরুজ্জামান ধানের শীষে জয় লাভ করবেন।