ঝিনাইদহে ১২টি সোনার বারসহ চোরাকারবারি আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে ১২টি সোনার বারসহ ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাস থেকে শরীফ উদ্দিন নামে এক চোরাচালানি সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে র্যাব। 

শনিবার গভীর রাতে ঝিনাইদহ বিসিক শিল্পনগরীর সামনে বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটককৃত শরীফ উদ্দীন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পাড়ার শফি উদ্দিনের ছেলে।

র্যাব-৬ -এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে বাসযোগে একটি সোনার চালান সীমান্তের ওপারে পাচারের জন্য দর্শনায় নিয়ে যাওয়া  হচ্ছে। রাতে বিসিক শিল্পনগরীর সামনে চেকপোস্ট বসায় র্যাব। রাত ২টার দিকে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে অভিনব কায়দায় তার জুতার ভেতরে লুকানো অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এছাড়া তিনটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায়  মামলা হয়েছে।