কুমিল্লায় ১০ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কাভার্ড ভ্যান বোঝাই করে অবৈধভাবে পাচারকালে ১০ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করা হয়েছে। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাঢ়া এলাকা থেকে ঐ কাঠসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

জানা যায়, কুমিল্লা সামাজিক বন বিভাগের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেকপোস্টের কর্মকর্তারা ঢাকা অভিমুখী কাঠ বোঝাই একটি কাভার্ড ভ্যানকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। এ সময় চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এতে ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেনের নেতৃত্বে একটি দল কাভার্ড ভ্যানের পিছনে ধাওয়া করলে মহাসড়কের চাষাঢ়া নামক স্থানে কাভার্ড ভ্যান রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।