নূরু অ্যান্ড সন্সের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা

চাঁদাবাজদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

মোংলার শিপিং ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী নূরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলালের কাছে অপর একটি কোম্পানি চাঁদা দাবি করেছে—এ অভিযোগে মামলা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৬ আগস্ট বিকাল সাড়ে ৪টায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এ চাঁদা দাবি করা হয়।

এদিকে শিপিং ব্যবসায়ী এইচ এম দুলালের বিরুদ্ধে ‘মিথ্যা, ষড়যন্ত্র ও উদ্দেশমূলকভাবে দায়ের করা সাজানো’ পালটা মামলাটি প্রত্যাহার ও চাঁদাবাজদের দাবিতে গতকাল রবিবার বেলা ১১টায় শহরের শেখ আ. হাই সড়ক এলাকায় ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক মনিরুল হায়দার ইকবাল, আহসান হাবিব হাসান, হাসান গাজী, শেখ মো. নূর আলম, এম এ মোতালেব, মাওলানা তানভীর আহম্মেদ, শ্রমিক নেতা এরশাদুজ্জামান সেলিম, জাহাঙ্গীর সর্দার, বাবুল সর্দারসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী, পুরুষ, শিশু এ মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এইচ এম দুলালের নামে ‘মিথ্যা মামলা’ দায়ের করায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তারা অবিলম্বে এইচ এম দুলালের নামে দায়ের হওয়া ‘মিথ্যা মামলা’ নিঃশর্তভাবে প্রত্যাহারসহ ঘটনার মূল হোতাকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় এ ব্যাপারে খুব শিগিগর পুরো মোংলায় শান্তিপূর্ণভাবে কঠোর আন্দোলন সংগ্রাম শুরু করার ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘দুটো ঘটনাই আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলেই বোঝা যাবে কোনটি সঠিক।’