প্রধানমন্ত্রী শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশে সাম্প্রতিক বছরগুলোয় শিল্পায়ন যত এগোচ্ছে পরিবেশও তত বিপন্ন হচ্ছে। শিল্পোদ্যোক্তাদের একাংশ যেভাবেই হোক মুনাফার অঙ্ক স্ফীত করার দিকে নজর দেওয়ায় উপেক্ষিত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি। পরিবেশের ওপরও তার বিরূপ প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী এই আত্মঘাতী ধারা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করছেন। প্রতিটি শিল্প এলাকায় একটি করে জলাধার রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বৃষ্টির পানি সেখানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যতগুলো স্থাপনা হবে সর্বত্র বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় এ পানি ব্যবহার সম্ভব হবে। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন, তাঁর সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীরাই ব্যবসা করবেন, তাঁদের কাজে সরকার সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শিল্পকারখানা স্থাপনে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার যে তাগিদ দিয়েছেন তা খুবই তাত্পর্যপূর্ণ। শিল্পায়ন পরিবেশের ওপর কতোটা অভিশাপ বয়ে এনেছে রাজধানীর নদ-নদীগুলোর অবস্থা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। শিল্পবর্জ্য যাতে জলাশয়গুলোকে বিষাক্ত করে না তোলে সে ব্যাপারে যত্নবান হতে হবে। অস্তিত্বের স্বার্থেই পরিবেশ সুরক্ষায় সরকার, ব্যবসায়ী সম্প্রদায়, সাধারণ মানুষ সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
শুভ্র ঘোষ
নতুন বাজার, কলকলিয়াপাড়া, মাগুরা