গাবতলীতে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির

ইত্তেফাক রিপোর্ট

গাবতলী বাস টার্মিনাল এবং আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। রবিবার ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অবৈধ স্থাপনা উচ্ছেদকালে টার্মিনালের ভেতরে এবং আশপাশে অবৈধভাবে নির্মিত প্রায় ২০০টি সেমিপাকা স্থাপনা, শেড, দোকান উচ্ছেদ করে প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ আগস্ট ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় টার্মিনালের ভেতরে এবং আশপাশে অবৈধ স্থাপনা দেখে তারা এসব স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।