বাগমারায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত স্কুলছাত্র উপজেলার ঝিকরা ইউনিয়নের সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে ঝিকরা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অবস্থার অবনতি হলে মোয়াজ্জেম হোসেন, উজ্জল হোসেন ও এনামুল হকসহ আরো কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ রবিবার বিকেলে জাতীর জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ইউনিয়ন পর্যায়ের খেলা দেখার জন্য দুপুরে ঝিকরা বাজার থেকে ২০জন যাত্রী নিয়ে একটি স্থানীয় যান বাগমারার উদ্দেশ্যে রওয়ানা দেয়। দুপুর পৌনে দুইটার দিকে যাত্রী বোঝাই ওই গাড়ীটি ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লায় ধান বোঝাইকৃত দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে রাস্তার নীচে উল্টে যায় এবং যাত্রীরা আহত হন। 

আরও পড়ুন : মাতাসাগর দিঘীর ৪৫ একর জমি ব্যক্তি মালিকানায়

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ইত্তেফাক/এসএস