সিলেটের আতিয়া মহলে জঙ্গি অভিযান
সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িস্থ আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ঘরের মধ্যে বোমা বিস্ফোরণে চার জঙ্গি নিহতের ঘটনার মামলায় চার্জশিট গত শনিবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর আবুল হোসেন জানান, চার্জশিটে তিন জনকে অভিযুক্ত করা হয়। তারা হলেন—বিস্ফোরণে নিহত জঙ্গি মর্জিনার ভাবী আর্জিনা (১৯), মর্জিনার ভাই জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং হাসান (২৬) নামের আরেক জঙ্গি। তিনি জানান, ঐ তিন জন চট্টগ্রামের কারাগারে ছিল। আতিয়া মহলের ঘটনায় তাদেরকে চলতি বছরের ১৭ জানুয়ারি শ্যেন অ্যারেস্ট দেখানো হয়। পরে রিমান্ডেও নেওয়া হয় তাদেরকে। বর্তমানে এ তিন জনই কারাগারে আছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি হামলার ঘটনায় ২০১৭ সালের ১৫ মার্চ আর্জিনা ও জসিমকে গ্রেফতার করা হয়। এছাড়া হাসানকে কুমিল্লার চান্দিনা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আবুল হোসেন আরো জানান, চার্জশিটে অভিযুক্তরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ। আতিয়া মহলের চার জঙ্গিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছিল তারা। এতে মোশাররফ নামের আরেক জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে সে মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়। ২০১৭ সালের ২৩ মার্চ আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অপারেশন টোয়ালাইট নামের ঐ অভিযান চলাকালে ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশেই বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।