খুবিতে বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

খুলনা অফিস

নৈয়ায়িক প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত শনিবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্ক সংগঠন নৈয়ায়িক ‘যুক্তির দৃপ্ততায় আঁকি নিজস্ব অবস্থান’ এই স্লোগানে দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের তথ্যের অবাধ প্রকাশের উত্থান সমর্থন করে না।’ ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের মধ্যে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের দলনেতা রোমান উদ্দিন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবির বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িকের সভাপতি মতিউর রহমান।