ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজল মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সজল ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। সজল ময়মনসিংহ নগরীর কৃস্টপুর এলাকার আরজু মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাতে ময়মনসিংহের মধ্যবাড়েরা নিজাম নগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সজল নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তিনটি চাকু ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। নিহত সজল মিয়ার বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে।