আসন্ন রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর পিপলস পার্টি অব বাংলাদেশ বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান রিটা রহমান। গতকাল রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দল বিলুপ্ত করে পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমানের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এর আগে একাদশ সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে রিটা রহমান রংপুর-৩ আসনে এরশাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটা রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের প্রধানমন্ত্রীর মর্যাদার সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে। যাদু মিয়া বিএনপির প্রতিষ্ঠাতার অন্যতম সদস্য। একাদশ সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে নতুন রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অব বাংলাদেশ’-এর (পিপিবি) আত্মপ্রকাশ ঘটে। এ দলের আহ্বায়ক করা হয় রিটা রহমানকে। পরে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেন।