রংপুরে জাপার প্রার্থী সাদ

বিরোধীদলীয় নেতা হতে স্পিকারকে রওশনের চিঠি

বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগ পেতে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদ। শনিবার মধ্যরাতে দলে সমঝোতার পরদিন গতকাল রবিবার বিকালে সংসদ ভবনে বিরোধী দলের লবিতে দলীয় এমপিদের নিয়ে বৈঠক শেষে স্পিকারকে এই চিঠি পাঠানো হয়। অন্যদিকে, স্পিকারকে গতকাল পৃথক চিঠি দিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদেরও। তিনি তার চিঠিতে রওশনকে বিরোধীদলীয় নেতা করার পাশাপাশি তাকে সংসদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে নিয়োগের পদক্ষেপ নিতে স্পিকারকে অনুরোধ জানিয়েছেন। তবে বিরোধীদলীয় উপনেতা হতে জিএম কাদেরের চিঠি নিয়ে রওশন ও কাদেরপন্থিরা পরস্পর-বিরোধী বক্তব্য দিয়েছেন।   এদিকে, নানা নাটকীয়তার পর রংপুর-৩ আসনের আসন্ন উপনির্বাচনে জাপা দলীয় প্রার্থী হিসেবে এরশাদ-রওশনের ছেলে রাহগির আল মাহির (সাদ এরশাদ) নাম ঘোষণা করেছে। গতকাল দুপুরে জাপার বনানী কার্যালয়ে সাদকে দলের মনোনয়ন দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তবে সাদকে দলীয় মনোনয়ন দেওয়ায় রংপুরে ক্ষোভ জানিয়েছেন জাপার স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় কর্মীরা গতকাল ঘোষণা দিয়েছেন, দলের প্রার্থী হিসেবে সাদকে মেনে নেওয়া হবে না। নিজের পরিচয় নিশ্চিত করতে জাপার রংপুরের নেতা-কর্মীরা সাদের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছেন। উল্লেখ্য, সাদ জাপার মনোনয়নফরম সংগ্রহ করলেও গত শুক্রবার অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি বোর্ডের কাছে তিনি সাক্ষাতকার দেননি। এমনকি মনোনয়নফরম জমাও দেননি।

গতকাল দুপুর ১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে রওশন দলের পার্লামেন্টারি পার্টির বৈঠক ডাকলেও শুরুতে মাত্র কয়েকজন এমপি উপস্থিত হন। দলের বেশিরভাগ এমপি তখন বনানীতে জিএম কাদেরের সঙ্গে বৈঠক করছিলেন। পরে ১২ জনকে নিয়ে বিকাল তিনটার দিকে বিরোধীদলের লবিতে বৈঠক করেন রওশন। এরপর বিকাল পাঁচটায় অধিবেশন শুরুর কিছুসময় আগে সংসদে যান জিএম কাদেরসহ দলের অন্য এমপিরা। পরে সবাই সর্বসম্মতিক্রমে স্বাক্ষর করে রওশনকে বিরোধীদলীয় নেতা মনোনয়ন দিয়ে স্পিকারকে চিঠি দেন।

অন্যদিকে, বিরোধীদলীয় উপনেতা হওয়ার জন্য জিএম কাদের স্পিকারকে যেই চিঠি দিয়েছেন তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেছেন, শনিবার রাতে সমঝোতা বৈঠকে উপনেতার পদ নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি, গতকাল সংসদ ভবনে রওশনের বৈঠকেও এনিয়ে কোনো কথা হয়নি। যদিও গতকাল বনানী কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথ সভা শেষে জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সাংবাদিকদের বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গতকাল দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দলের আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের। সংসদের বিরোধীদলীয় নেতা থাকবেন রওশন এরশাদ। শনিবার রাতের বৈঠকে আমরা এই সমঝোতায় পৌঁছেছি।

তিনদিন কোথায় ছিলেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে রাঙ্গা বলেন, ‘পিতা-মাতা যখন ঝগড়া করেন, তখন সন্তানরা বড় বিপদে পড়ে যায়। দলের বড় ভাই হিসেবে তাই তিনদিন আড়ালে ছিলাম। তবে চলমান বিরোধ  মেটাতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। এই প্রচেষ্টার ফলেই শনিবার বৈঠকের আয়োজন করতে পেরেছি।’