দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া বন্যার কারণে স্থগিত থাকা বিভাগীয় সমাবেশের তারিখও ঘোষণা দিয়েছে দলটি। গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় উদ্যোগে ঢাকা মহানগরে মানববন্ধন কর্মসূচি এবং একই দাবিতে ১২ সেপ্টেম্বর দেশব্যাপী মানববন্ধন। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে।
ফখরুল জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেটে, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহে এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর রংপুরে সমাবেশ হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে তারা যতটুকু জায়গা পাচ্ছেন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। প্যারোলে মুক্তির বিষয়ে তিনি বলেন, সেটা খালেদা জিয়ার নিজের ব্যাপার। তিনি এখন পর্যন্ত প্যারোল চাননি।