জেলা প্রশাসকের নির্দেশে আমতলীতে নৈশ কোচিং বন্ধ

বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে আমতলী পৌর শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত নৈশ কোচিং বন্ধ হয়ে গেছে। সম্প্রতি বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আমতলী ইউটি এ্যান্ড ডিসি হলে স্থানীয় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময়কালে এডিস মশার প্রকোপ থেকে বাচতে ডেঙ্গু জ্বরের কারণে নৈশকালিন কোচিং বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কোচিং বন্ধ রাখার নির্দেশ দেন এবং নৈশ কোচিং বন্ধ রাখার জন্য মাইকিং করানো হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত কোচিং বন্ধ হলেও কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত নৈশ কোচিং বন্ধ হয়নি। এতে করে বিপাকে পড়েছেন সচেতন অভিভাবকরা। বৎসরের শেষ পর্যায়ে নৈশ কোচিং বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের বার্ষিক পরীক্ষা নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের অভিভাবক জামাল হোসেন বলেন, একজন শিক্ষক যতটা যত্ন সহকারে দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারেন একজন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের কাছ থেকে সে রকমের পাঠদান আসা করা যায় না। তাই দক্ষ শিক্ষকদের নৈশকোচিং করার সুযোগ দেয়া উচিৎ।

ইত্তেফাক/আরকেজি