গাজীপুর মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ী-রাজবাড়ী-তিতারকূল সড়কটির অধিকাংশ স্থান ভেঙেচুরে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন সড়কটি দীর্ঘদিনেও প্রয়োজনীয় সংস্কার না করায় এটির অবস্থা বর্তমানে শোচনীয় হয়ে পড়েছে। ফলে এ সড়কে বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী ছাড়াও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, শিববাড়ী মোড় থেকে রাজবাড়ী হয়ে তিতারকূল ব্রিজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে শহরের পূর্বাঞ্চলের কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। এছাড়া হাড়িনাল-হানকাটা সড়কটির কিছু অংশ আরসিসি ঢালাইয়ের উন্নয়ন কাজের কারণে বন্ধ করে দেওয়ায় রাজবাড়ী-তিতারকূল সড়কটিতে যানবাহনের অত্যধিক চাপ পড়েছে। এ কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙেচুরে ছোটোবড়ো অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির কোথাও কোথাও গভীর গর্ত হয়ে কাদাপানিতে সয়লাব হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই গাজীপুর প্রধান ডাকঘরের সামনের সড়কে হাঁটুপানি জমে যায়।
মহিলা কলেজের কাছে, জোড়পুকুর, বরুদার ঢাল, লাগালিয়া মোড়, নোয়াগাঁও আফার খোলা সামনের অংশ, রাজবাগানের মোড়, তিতারকূল বাজারসহ বিভিন্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। গর্তে পড়ে বিভিন্ন যানবাহন উলটে গিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে, হতাহত হচ্ছে মানুষ। এলাকার বাসিন্দারা ভাঙাচোরা এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল জানান, গাজীপুর শহরের প্রবেশদ্বার শিববাড়ী মোড় থেকে রাজবাড়ী হয়ে তিতারকূল ব্রিজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাটির সংস্কার কাজের জন্য ১২ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। রাস্তাটির কিছু অংশ আরসিসি এবং বাকি অংশ কার্পেটিং করা হবে। এজন্য কার্যাদেশ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।