রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন

ছালাউদ্দিন ভুঁইয়া আওয়ামী লীগের প্রার্থী মনোনীত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়াকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার রাতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভায় বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতিত ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়াকে এ মনোনয়ন দেওয়া হয়। এ খবরে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক বলেন, সত্, যোগ্য সংগঠক ও নীতিবান হিসেবে ছালাউদ্দিন ভুঁইয়াকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীসহ ভোটাররা অবশ্যই বিপুল ভোটে তাকে জয়ী করবে। উল্লেখ্য, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৪ অক্টোবর।