দোহারে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের পদোন্নতি হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে দোহার থানা চত্বরে দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশ এ সংবর্ধনার আয়োজন করে। শাহ মিজান শাফিউর রহমান সম্প্রতি পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনারের দায়িত্ব পালন করবেন। গতকালের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘শাহ মিজান শাফিউর রহমান একজন ভালো অফিসার। তার প্রমাণ পাওয়া যায় ওনার কর্মকাণ্ডে। প্রথমে তাকে অভিনন্দন জানাই পদোন্নতি পাওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম আমার দোহার ও নবাবগঞ্জের কোনো মানুষ যেন পুলিশের কাছে অযথা হয়রানি না হয়। ধন্যবাদ জানাই তাকে, উনি আমার কথাটা রেখেছেন।’ একই অনুষ্ঠানে দোহার-নবাবগঞ্জ থানা প্রশাসন, উপজেলা পরিষদ ও দুই উপজেলার আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও পুলিশ সুপারকে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আই জি আর খান আব্দুল মান্নান, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল প্রমুখ।