জাবির উন্নয়ন প্রকল্পে দুর্নীতি

শিক্ষকদের কর্মবিরতি ও পদযাত্রা কর্মসূচি পালন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে গতকাল রবিবার কর্মবিরতি ও পদযাত্রা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী নাটক পরিবেশন করে শিক্ষার্থীরা। এদিকে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ করে শাখা ছাত্রলীগ।

গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এসময় নতুন কলা ভবনের সামনে থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে পদযাত্রা বের করেন তারা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলা বিভাগের অধ্যাপক রেজাউল করিম তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।

একই দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনের থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শিক্ষকদের প্রতিবাদ সমাবেশে গিয়ে সংহতি প্রদানের মাধ্যমে শেষ হয়। এর আগে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে প্রতিবাদী নাটক ‘নন ফিকশন’ পরিবেশন করে জাহাঙ্গীরনগর থিয়েটার।

এদিকে মিথ্যা প্রপাগান্ডা ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিবহন চত্বর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এজাহার দায়ের প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শনিবার সাবেক এক ছাত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ পেয়েছি। যে মেরেছে সে সাবেক ছাত্র। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এজন্য আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।