একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গতকাল রবিবার বিকালে শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এ অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাত্র চার কার্যদিবসের এ অধিবেশন প্রতিদিন বিকাল ৫টায় বসবে। সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী লিটন এবং আবদুস সাত্তার ভুঞা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য এ পর্যন্ত তিনটি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। আর অনিষ্পন্ন দুটি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে একটি বিলের নোটিশ পাওয়া গেছে এবং অনিষ্পন্ন একটি বিল রয়েছে।
আরো জানানো হয়, সংসদে উত্তরদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৭০টি ও মন্ত্রীর কাছে ১ হাজার ৫৫৩টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া সিদ্ধান্ত প্রস্তাব (বিধি-১৩১) ১০৯টি, মুলতবি প্রস্তাব (বিধি-৬২) ১৫টি ও মনোযোগ আকর্ষণীয় (বিধি-৭১) ৬০টি নোটিশ পাওয়া গেছে। এদিকে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচিত করা হয়। তারা হলেন- উপাধ্যক্ষ আবদুস শহীদ, এনামূল হক, মৃণাল কান্তি দাস, কাজী ফিরোজ রশীদ ও জয়া সেনগুপ্ত। এরপর শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সংসদ অধিবেশন আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।