খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে উপস্থাপন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আব্দুল মুবিনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে গতকাল রবিবার এ আবেদন উপস্থাপন করা হয়। আদালত বলেন, বিচারাধীন আপিলের জামিন শুনানি যেদিন থাকবে ঐদিন এ আবেদনটি কার্যতালিকায় আসবে। খালেদা জিয়ার পক্ষে আদালতে আইনজীবী জয়নুল আবেদীন, এম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, মীর হেলাল উপস্থিত ছিলেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। তার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরে আপিল বিচারাধীন থাকাবস্থায় গত ৩১ জুলাই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়। ঐ খারিজ আদেশের বিরুদ্ধে আপিল না করে হাইকোর্টের আরেকটি বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার নিম্ন আদালত। পরে সাজা বৃদ্ধি চেয়ে দুদক আপিল করলে হাইকোর্ট সাজার মেয়াদ ১০ বছর বৃদ্ধি করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে তার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বিচারাধীন রয়েছে। এ দুটি মামলায় জামিন পেলে কারামুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন।