সাভারে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে সিআরপিতে র্যালি ও আলোচনা সভা

‘দীর্ঘমেয়াদি ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি কার্যকরী চিকিত্সা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)তে পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার  সকালে সিআরপির উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব মোহাম্মদ ইসমাইল।

আলোচনা সভায় বক্তরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের পুনর্বাসনের  জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে ১৯৭৩ সালে ৬ নভেম্বর ফিজিওথেরাপি শিক্ষা ও সেবা চালু হয়। বর্তমান সরকার প্রতিবন্ধিতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত ১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র এবং ৩২টি মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০ লাখ সেশন ফিজিওথেরাপি চিকিত্সা প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালসমূহেও ফিজিওথেরাপি চিকিত্সাসেবা চালু করা হচ্ছে বলেও বক্তারা জানান।