রাজধানীর বাড্ডায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক যুবক মারা গেছেন। ঐ যুবকের নাম বিপ্লব (২৪)। গত শনিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি আহত হন। এরপর গতকাল রবিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে শনিবার রাতে দুই পক্ষের বিরোধের জেরে বিপ্লব প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
নিহতের ভাই মুন্না জানান, মেরুল বাড্ডা এলাকায় তাদের বাসা। গত শনিবার রাত ১০টার দিকে বিপ্লব বাড্ডা থানার পেছনের একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক সুমনসহ চার-পাঁচ জন বিপ্লবকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা দৌড়ে আসলে সুমনসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিত্সা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল দুপুরে অবস্থার অবনতি হলে ফের তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে গতকাল রাত পৌনে ৮টার দিকে বিপ্লব মারা যান।
বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, নিহত বিপ্লব মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার ওপর হামলাকারীরাও মাদক ব্যবসায়ী। মাদকের আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধ হয়। এর জেরে তাকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। তিনি আরো জানান, নিহত বিপ্লবের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপদী গ্রামে।