রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় সংরক্ষিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টা ৬ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত ১টার দিকেও ওই ভবন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে নির্বাচন কমিশনের শত শত ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে। ঐ গুদামে কয়েক শত কোটি টাকার ইভিএম মেশিন সংরক্ষিত ছিল।
প্রত্যক্ষদর্শী নির্বাচন কমিশনের এক কর্মচারী ইত্তেফাককে বলেন, রাত পৌনে ১১টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে তার মোটর সাইকলেটি রাখতে যান। তখন তিনি দেখতে পান যে ইভিএম রাখা কক্ষটির আশপাশ থেকে আগুনের প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। তখন তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যপারটি জানান। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এদিকে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন এ পর্যন্ত বিএমটিএফ থেকে সাড়ে ৪ হাজার ইভিএম সংগ্রহ করেছে। এসব ইভিএমের মধ্যে কিছু ইভিএম ঐ গুদামে সংরক্ষিত ছিল। তবে তার কি পরিমান সেটা তিনি জানাতে পারেননি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১১টা ৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরিস্থিতি বিবেচনা করে পরে আরো ৫ টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাতে একযোগে ১০টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসে রাত পৌনে ১টার দিকে। তবে তখনও ওই গোডাউন থেকে আগুন ধোঁয়া বের হচ্ছিল।