পাটকেলঘাটা থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ৩ জন ক্লোজড

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার এসআই ফরিদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিরীহ মানুষদের হয়রানী, মাদক বিক্রেতা ও সেবীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলাসহ ঘুষ বাণিজ্যের অভিযোগে রবিবার সাতক্ষীরা পুলিশ লাইনে ক্লোজড করা হযেছে। এ সময় থানার এএসআই সুজিত ও ড্রাইভার বিল্লালকেও ক্লোজড করে পুলিশ লাইনে নেওয়া হয়।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে টহলরত অবস্থায় উপজেলার সরুলিয়া মাদরাসার সম্মুখ থেকে মন্টু ও প্রকাশ ঘোষকে বিপুল পরিমাণ ফেনসিডিলিসহ আটক করে এসআই ফরিদসহ সঙ্গীয় ফোর্স। গভীর রাতে মোটা অংকের দেন দরবার শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরিভূত হলে রবিবার বিকালে বিতর্কিত এসআই ফরিদ, এএসআই সুজিত ও ড্রাইভার বিল্লালকে প্রত্যাহার করে।

এর আগে গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার সময় দলুয়া সড়কের জামতলা নামক স্থান থেকে থানার দুধলী গ্রামের তপন বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস, গোবিন্দ সরকারের ছেলে তাপস সরকার ও একই গ্রামের আকবার গাজীর ছেলে শিমুল গাজীকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে এসআই ফরিদ হোসেন। দেন দরবার শেষে রাত দেড়টার দিকে মোটা অংকের টাকার বিনিনিময়ে তাদেরকেও ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ঢাকা সিটি নির্বাচন: দলীয় প্রতীকে অংশ নেবে বিএনপি

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু