লালমনিরহাটে 'বন্দুকযুদ্ধে' রহিম বাবু ওরফে নবিয়ার রহমান (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নবিয়ার রহমান লালমনিরহাট পৌরসভার খোদ্দ সাপটানা এলাকার আব্দুর রহিমের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, বাড়ির পাশে হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছেন নবিয়ার রহমান। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় হোটেল ও তার বাড়ি থেকে একশ' ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অফিসার ইনচার্জ আরও জানান, মাদকের সন্ধান দিতে তাকে নিয়ে সদর থানা পুলিশ আজ ভোরে মোঘলহাট এলাকায় যাওয়ার পথে দুরাকুটি বটতলা এলাকায় তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে নবিয়ারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ চার রাউন্ড গুলি ছুড়লে নবিয়ারের দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে সদর থানায় নবিয়ার রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস