সম্প্রতি কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং অন্টারিও চেম্বার অব কমার্সের (ওসিসি) যৌথ ব্যবস্থাপনায় টরন্টো শহরে প্রথমবারের মতো বাংলাদেশ-কানাডা বাণিজ্য ফোরাম-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ঐ ফোরামে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ১৯ সদস্যের বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অংশ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া, এনডিসি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান।
কানাডার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম দুই দেশের মধ্যে এ ধরনের একটি বাণিজ্য ফোরাম অনুষ্ঠিত হলো।
ফোরামে প্রথম প্যানেলের প্রতিপাদ্য ছিল কীভাবে কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে পারে, যা বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর সঞ্চালনা করেন। দ্বিতীয় প্যানেলের আলোচ্য বিষয় ছিল কীভাবে বাংলাদেশ কানাডার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে পারে। এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন ওসিসি প্রেসিডেন্ট রকো রসি।
ফোরামের সম্মানিত অতিথি অন্টারিও প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও বাণিজ্যমন্ত্রী ভিক্টর ফেডালি তার বক্তৃতায় বাংলাদেশের সঙ্গে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির দ্বারপ্রান্তে। এ ফোরামের উদ্দেশ্য হলো উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধ স্থাপন করা, যাতে তারা একে অপরের সঙ্গে ব্যবসায়-বাণিজ্য-সম্পর্কিত তথ্য আদান-প্রদান করতে পারে এবং তুলনামূলক সুবিধাজনক খাতগুলো চিহ্নিত করতে সক্ষম হয়।
বেসিস সভাপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একযোগে কাজ করছে বেসিস। বাংলাদেশের সফটওয়্যার রপ্তানির উল্লেখযোগ্য দেশ কানাডা। কানাডার সঙ্গে বাণিজ্য উন্নয়নে এ ফোরাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি ‘এক্সপ্লোরিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অব সাসকাচুয়ান প্রোভিন্স অব কানাডা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বেসিস সভাপতি। এ সময় বেসিস সভাপতি কানাডায় বিশ্বমানের বাংলাদেশি সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানান।