রাজশাহীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর শাপলা হাসপাতালে ভর্তি হন। কিন্তু ধীরে ধীরে তার কিডনি বিকল হয়ে পড়ে। এতেই তিনি মারা যান। শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে আরও চারজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানের মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন ছয় শতাধিক।
এরআগে, গত ১২ আগস্ট রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী আব্দুল মালেক (১৯) মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা হলেও ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ঈদ উপলক্ষে রাজশাহী আসেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে ভর্তির পর রামেক হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/এসএস