মুক্তাগাছায় সাথি ফসল হিসেবে চা চাষে সম্ভাবনা

মুক্তাগাছায় গড় অঞ্চলের লাল মাটিতে প্রচলিত ধান, পাটের পাশপাশি সাথি ফসল আনারস, লেবু, হলুদ ও আদার পর এবার নতুন মাত্রা যোগ হয়েছে চা চাষ।

মুক্তাগাছার আবহাওয়াতেও চা চাষ সম্ভব। উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে ত্রিশ শতাংশ জমিতে সফলতার সঙ্গে এগিয়ে চলছে এই চা চাষ। বিজয়পুর এলাকায় পরীক্ষামূলক চাষ করা বাগানের মালিক আবুল হাশেম। তিনি ৭ নম্বর ঘোগা ইউনিয়নস্থ চারিপাড়ার বাসিন্দা। হাশেমের রোপিত ২০০ চাগাছের বয়স প্রায় ১১ মাস।

জানা গেছে, উপজেলার ঘোগা, গাওগাঁও, দুল্লা ইউনিয়ন ও তত্সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় অসংখ্য বনাঞ্চল সমৃদ্ধ জমি রয়েছে। এই জমিতে প্রচলিত আনারস, ধান এবং সাথি ফসল আদা, হলুদ প্রভৃতি চাষ করা হয়। অভিজ্ঞদের মতে, এখানে চা চাষ সম্প্রসারিত হলে স্থানীয় মানুষের নিয়মিত রোজগারের পথ সুগম হবে। কৃষক হাশেম জানান, ভিন্ন ধরনের চাষাবাদের ইচ্ছা ছিল। পঞ্চগড়ে ঘুরতে গিয়ে চায়ের চারা সংগ্রহ করি।

মুক্তাগাছার এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু জানান, ‘মুক্তাগাছায় চা বাগান গড়ে তোলার পরিকল্পনা আছে। এরই মধ্যে মাটি পরীক্ষা করে চা চাষের উপযোগী হিসেবে রিপোর্ট পাওয়া গেছে। সে লক্ষ্যে উপজেলার পশ্চিম অঞ্চলে চা বাগান গড়ে তোলা হবে।’