পাটকেলঘাটা থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ক্লোজড তিন

তালা উপজেলার পাটকেলঘাটা থানার এসআই ফরিদ হোসেনকে ক্ষমতার অপব্যবহার, হয়রানি, মাদক বিক্রেতা ও সেবীদের সঙ্গে সখ্য গড়ে তোলাসহ ঘুষ বাণিজ্যের অভিযোগে রবিবার সাতক্ষীরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ সময় থানার এএসআই সুজিত ও ড্রাইভার বিল্লালকেও পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে টহলরত অবস্থায় উপজেলার সরুলিয়া মাদরাসার সম্মুখ থেকে মন্টু ও প্রকাশ ঘোষকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করে এসআই ফরিদসহ পুলিশ সদস্যরা।

মোটা অঙ্কের দেন-দরবার শেষে তাদের রাতেই ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হলে রবিবার বিকালে বিতর্কিত এসআই ফরিদ, এএসআই সুজিত ও ড্রাইভার বিল্লালকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই ফরিদ হোসেন, এএসআই সুজিত ও ড্রাইভার বিল্লালকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।