নেশার টাকা না দেওয়ায় নাতির হাতে নানি খুন

নেশার টাকা না দেওয়ায় সিরাজগঞ্জে রবিবার সন্ধ্যায় নাতির ধারালো অস্ত্রের আঘাতে নানি খুন হয়েছেন। নিহতের নাম ওয়াজেদা বেগম (৪৫)। সিরাজগঞ্জ সদর উপজেলার দেড়কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওয়াজেদা একই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

নিহতের বড়ো ভাই আবুল কালাম জানান, ঘটনার দিন ওয়াজেদার মেয়ের ঘরের ছেলে সিয়ামের (২০) সঙ্গে নেশার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কুড়াল দিয়ে নানির মাথায় আঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। রাতেই সিয়াম সিরাজগঞ্জ সদর থানায় আত্মসমর্পণ করে ঘটনার সত্যতা স্বীকার করে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।