সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক গাজি টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জহির রায়হানের নিঃশর্ত মুক্তি দাবিতে রবিবার বিকালে মানববন্ধন করা হয়েছে। জেলার নবীনগরে এ বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় বাইশমৌজা বাজার কমিটির সভাপতি আরিজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, নবীনগরের কৃষ্ণনগরে জোড়া খুনের মামলায় সাংবাদিক জহির রায়হানকে গত ৬ এপ্রিল রাতে জেলা শহরের কাউতলী থেকে গ্রেফতার করে পিবিআই।