আগুনমুখায় ট্রলারডুবি তরুণের মৃত্যু

রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি জেলে ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) ডুবির ঘটনা ঘটেছে। ঐ ট্রলারের তিন জেলে জীবিত উদ্ধার হলেও শখের বসে মাছ ধরতে যাওয়া তরুণ স্বপন হোসেন মারা গেছে। রবিবার মধ্যরাতে উপজেলার আগুনমুখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের জেলে হারুন মিয়ার ছেলে।

ট্রলার মালিক কালু রাঢ়ী বলেন, রবিবার রাত আড়াইটার দিকে ঢেউয়ের তোড়ে তিন জেলে ও স্বপনসহ ট্রলারটি ডুবে যায়। তিন জেলে সাঁতরে তীরে আসে। কিন্তু স্বপন সাঁতার না জানায় মারা যায়। পরে সোমবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, স্বপন পেশায় জেলে ছিল না। শখ করে মাছ ধরতে গিয়েছিল।