প্রোটিয়াদের ব্যাটিং কোচ অমল মজুমদার

চলতি মাসেই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সফরে ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। আগামী ২ অক্টোবর শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় অমল মজুমদারকে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বাইয়ের ব্যাটসম্যান অমল মজুমদারের অভিষেক ১৯৯৪ সালে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিও রয়েছে তার। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। ২০১৪ সালে অবসর নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ভারত-দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে ভিশাখাপত্তম, পুনে ও রাচিতে। প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর।