ইউরো ২০২০

রামোসের রেকর্ডের রাতে স্পেনের জয়

সার্জিও রামোস রবিবার রাতে ইউরো বাছাই পর্বে ফারো আইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। অধিনায়কের এমন কীর্তির দিনে ৪-০ গোলের সহজ জয়ই পেয়েছে স্পেন। দিনের অন্য ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইতালি। তবে গ্রিসকে রুখে দিয়ে দিনের সবচেয়ে বড়ো চমক জন্ম দিয়েছে লিখটেনস্টেইন।

স্পেনের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার রেকর্ডটা এতোদিন ছিল সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের দখলে। ১৬৭ ম্যাচ খেলে এ কীর্তি গড়েছিলেন তিনি। গত রবিবার ফারো আইল্যান্ডের বিপক্ষে ১৬৭তম ম্যাচ খেলতে নামেন রামোস। এতেই ক্যাসিয়াসের পাশে এসে বসেন তিনি।

অধিনায়কের এমন কীর্তির দিনে ১৩ ও ৫০ মিনিটে রদ্রিগো মোরেনোর গোল করে স্পেনকে ম্যাচে চালকের আসনে নিয়ে আসেন। ম্যাচের ৮৯ ও ৯০ মিনিটে পাকো আলকাসার জোড়া গোল করলে জয় নিশ্চিত হয় কোচ রবার্তো মোরেনোর শিষ্যদের। এ নিয়ে ইউরো বাছাইয়ের ছয়টি ম্যাচের ছয়টিতেই জয়লাভ করল স্পেন।

তবে অধিনায়ক রামোস জানিয়েছেন, ক্যাসিয়াসের ১৬৭ ম্যাচের রেকর্ড ছুঁয়েই তৃপ্তির ঢেঁকুর তুলবেন না তিনি। রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্যেই। আমি আশা করব এই ছন্দ এবং উচ্চাভিলাষ সবসময়ই আমাকে সঙ্গ দেবে এবং আমি ২০০ ম্যাচ পর্যন্ত পৌঁছাতে পারব।’

দিনের অন্য ম্যাচে ইতালি চিরো ইমোবিলে এবং জর্জিনহোর গোলের সুবাদে স্বাগতিক ফিনল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে। তবে র্যাংকিংয়ের ১৮২তম অবস্থানে থাকা লিখটেনস্টেইন ফিফা র্যাংকিংয়ের ৫৪তম দল ফিনল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিস্ময়ের জন্ম দিয়েছে। এ ড্রয়ের ফলে চলতি ইউরো বাছাই পর্বে প্রথম পয়েন্টও অর্জন করেছে দলটি।