ছয় কিশোর ফুটবলার ম্যানসিটিতে প্রশিক্ষণ নেবেন

ফুটবল মাঠ কাঁপাতে আবার শুরু হচ্ছে ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবার নিয়ে দ্বিতীয় আসর। এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে দেশের আনাচকানাচ হতে কিশোর ফুটবলারদের খুঁজে এনে সামনে তুলে ধরা। বিশাল যজ্ঞ হলেও এখান থেকে বাছাই করা খেলোয়াড়রা বাফুফের বুটক্যাম্পে যোগ দেবেন। সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে কয়েক ধাপে বাছাই হয়ে ভাগ্যবান ৬ ফুটবলার ইংল্যান্ড যাবেন। ইংল্যান্ডের ম্যানসিটির একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এর আগেও আয়োজকরা এমন উদ্যোগ নিয়েছিল। এবার সেটি আরো ভালোভাবে আয়োজনের কথা জানিয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। যেখানে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনও উপস্থিত ছিলেন।

কয়েক ধাপে বাছাই প্রক্রিয়া হবে। ২৭২টিরও বেশি স্কুল ফুটবল দল অংশগ্রহণ করবে। যেখান থেকে সেরা ১৬ দল নিয়ে ঢাকায় আরেক দফা খেলা হবে। বাছাই খেলা হতে ৩৬ ফুটবলারকে তুলে নেওয়া হবে। যারা বাফুফের বুটক্যাম্পে যাবেন। এই ৩৬ জন থেকে ৬ ফুটবলার ম্যানচেস্টার সিটি ক্লাবের একাডেমির কোচের কাছে প্রশিক্ষণ নেবেন। সেই সঙ্গে ম্যানসিটির ম্যাচও উপভোগ করবেন। গত বছর আড়াই হাজার কিশোর ফুটবলারকে এই বাছাইয়ের আওতায় আনা হয়েছিল। এবারের বাছাই প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর হতে।