ভারতের প্রাক্তন সম্পাদক এবং কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন সাংবাদিক প্রিয়া রামানি । সোমবার প্রিয়া রামানি বলেন, ঘটনার পরে, দুদশক আগেই তিনি মুখ খুলেছিলেন, যাতে এই ধরনের ঘটনা ঘটলে মুখ খুলতে সাহস পান অন্য নারীরা।
এম জে আকবরের আইনজীবীর জিজ্ঞাসাবাদের সময় প্রিয়া রামানি বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খোলার প্রয়োজন নারীদের, তার দাবি, তিনি যে সমস্ত বিষয় প্রকাশ্যে এনেছেন, তাতে নারীদের ক্ষমতা বাড়বে এবং তাদের অধিকার সম্পর্কে বুঝতে সহায়তা করবে। তিনি বলেন, এই মামলাটিতে তাকে অনেক ব্যক্তিগত মূল্য দিতে হয়েছে।
ভারতে মি টু আন্দোলন চলার সময়, ২০১৮-এ কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন প্রিয়া রামানি। তারপরেই প্রিয়া রামানির অভিযোগ পরিকল্পনামাফিক এবং প্রতিহিংসামূলক বলে দাবি করে মামলা করেন এম জে আকবর। মামলার ৪১ পাতার আবেদনে এম জে আকবর বলেন, ৪০ বছর ধরে তার তৈরি করা ভাবমূর্তি এবং সুনাম নষ্ট হয়ে গেছে, শুধু প্রিয়া রামানির টুইট এবং খবরের কাগজের একটি নিবন্ধের কারণে।