বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিচ্ছে —শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিচ্ছে। অথচ কিছু অসাধু ব্যক্তি সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। শিক্ষাখাতে সকল অনিয়ম দুর্নীতি নির্মূল করা হবে। শিক্ষাখাতে এখনো যারা অনিয়ম করছে তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) অভিষেক ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ও শিক্ষা সাংবাদিকদের উদ্দেশ্য একই। কিন্তু কিছু গণমাধ্যমের সংবাদ আমাদেরকে বিব্রত করে, কেননা এ সংবাদের কোনো বস্তুনিষ্ঠতা থাকে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বিশেষ বরাদ্দ দিচ্ছে। সে অনুযায়ী আমরা এখনো সফলতা অর্জন করতে পারিনি। তবে বর্তমান সরকারের হাত ধরেই শিক্ষাখাতে আমূল পরিবর্তন এসেছে। আমাদের সকলের এতে ভূমিকা রয়েছে। লক্ষ্য পূরণে স্ব স্ব ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্বপালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম, সংগঠনের সভাপতি মুসতাক আহমেদ, সাধারণ সম্পাদক নিজামুল হক প্রমুখ।