আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসারে গত পাঁচ বছরে ১২ হাজার ৫৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। দুর্ঘটনায় দায়েরকৃত মামলাসমূহের নিষ্পত্তির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত আছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে সংসদকে তিনি এ তথ্য জানান।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুত্ফুন নেসা খানের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও তত্সংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ছয়টি মেট্টোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। গৃহীত সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুসরণে প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা ৩য় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট উভয়দিকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও বিদ্যুত্চালিত বাংলাদেশে প্রথম উড়াল মেট্টোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২-২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়। ৩১ আগস্ট পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৩০ শতাংশ। মন্ত্রী জানান, ইতিমধ্যে প্রায় ৬ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন বর্ষের ২০২১ সালের ১৬ ডিসেম্বর বর্তমান সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্টোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। অপর চারটি মেট্টোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে। সময়াবদ্ধ পরিকল্পনা ২০৩০ বাস্তবায়িত হলে ঢাকা মহানগরী ও তত্সংলগ্ন এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
বিএনপির রুবিন ফারহানার প্রশ্নে ঈদের আগে যানজট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ফোর লেন সড়ক থেকে যখন দুই লেনে গাড়ি চলাচল করে তখনই যানজটের চিত্র দেখা যায়। এবারের ঈদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেনসহ দুটি ফোর লেন সড়ক হচ্ছে।